গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: ১৪ অক্টোবর ২০২৬
আমরা কী তথ্য রাখি
অ্যাকাউন্ট খুললে আপনার নাম, মোবাইল নম্বর, উপজেলা (ঐচ্ছিক) আর পাসওয়ার্ড (এনক্রিপ্ট করা অবস্থায়) রাখা হয়। আপনার মোবাইল নম্বর সাইটে কখনো দেখানো হয় না; রিভিউর পাশে শুধু নাম দেখায়।
রিভিউ দিলে রেটিং, লেখা, কবে গিয়েছিলেন আর কত টাকা দিয়েছেন (যদি লেখেন) রাখা হয় এবং সবাই দেখতে পায়।
"তথ্য ভুল" জানালে আপনার লেখা আর ঐচ্ছিক যোগাযোগের তথ্য শুধু টিম দেখতে পায়।
প্রোফাইল
প্রত্যেক সদস্যের একটা প্রোফাইল পাতা আছে: নাম, ছবি (দিলে), উপজেলা (দিলে), নিজের সম্পর্কে লেখা আর রিভিউর তালিকা। ডাক্তার, হাসপাতাল, ক্লিনিক, ফার্মেসি আর জরুরি সেবার রিভিউ প্রোফাইলে কখনো দেখানো হয় না, আর সেসব রিভিউর পাশের নাম থেকে প্রোফাইলেও যাওয়া যায় না। প্রোফাইল পাতা সার্চ ইঞ্জিনে দেখানো হয় না। "আমি" পাতা থেকে প্রোফাইল গোপন করতে পারেন; তখন অন্যরা শুধু আপনার নাম দেখবে। ছবি আপলোড করলে ছবির ভেতরের লোকেশন ও ক্যামেরার তথ্য মুছে ফেলা হয়।
মেসেজ
সদস্যদের নিজেদের মেসেজ শুধু সেই দুজন দেখতে পান। কেউ কোনো কথোপকথন নিয়ে রিপোর্ট করলে তবেই সাইটের টিম সেই কথোপকথন দেখতে পারে, হয়রানি বা প্রতারণা ঠেকাতে। যে কাউকে ব্লক করতে পারেন, আর চাইলে নতুন মেসেজ পুরোপুরি বন্ধ রাখতে পারেন। মেসেজে টাকা, OTP বা পাসওয়ার্ড কাউকে দেবেন না; সাইটের টিম কখনো এসব চায় না।
কুকি ও Meta Pixel
লগইন ধরে রাখতে একটা কুকি ব্যবহার হয়। এছাড়া কোন পেজ বেশি কাজে লাগে বুঝতে আর Facebook ও Instagram-এ প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে আমরা Meta Pixel ও Meta Conversions API ব্যবহার করি। এতে Meta জানতে পারে আপনি কোন পেজ দেখেছেন, ফোন নম্বরে চাপ দিয়েছেন বা অ্যাকাউন্ট খুলেছেন। আপনি সার্চ বক্সে কী লিখেছেন তা পাঠানো হয় না। ডাক্তার, হাসপাতাল, ক্লিনিক বা টেস্টের পেজে শুধু "স্বাস্থ্য" বিভাগটুকু যায়; কোন ডাক্তার বা কোন হাসপাতাল, তা পাঠানো হয় না। লগইন থাকলে আপনার মোবাইল নম্বর আর অ্যাকাউন্ট নম্বর এনক্রিপ্ট করা (হ্যাশ করা) অবস্থায় পাঠানো হয়, সরাসরি নয়।
এটা পুরোপুরি আপনার সম্মতির ওপর: প্রথমবার সাইটে এলে নিচে একটা নোটিশ আসে, "ঠিক আছে" না চাপা পর্যন্ত Meta-র কোনো কোড চালু হয় না, কিছুই পাঠানো হয় না। মত বদলাতে চাইলে ব্রাউজারের এই সাইটের ডেটা মুছে দিন, নোটিশ আবার আসবে।
আপনার অধিকার
আপনার অ্যাকাউন্ট বা রিভিউ মুছে ফেলতে চাইলে যোগাযোগ পাতা থেকে জানান। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি তাঁদের তথ্য সরাতে বা সংশোধন করতে চাইলেও একইভাবে জানাবেন।
তথ্যের নির্ভুলতা
সাইটের তথ্য সরকারি ও অনলাইন উৎস এবং স্বেচ্ছাসেবকদের কাছ থেকে নেওয়া। দাম, সময় আর ফোন নম্বর বদলাতে পারে; যাওয়ার আগে নিশ্চিত হয়ে নিন। চিকিৎসা-সংক্রান্ত তথ্য পরামর্শ নয়; জরুরি প্রয়োজনে ৯৯৯ বা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।